নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
২০০৬ সালের ২৮ অক্টোবর "কালো দিবস" স্মরণ করতে ঢাকার নবাবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বাগমারা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্তর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অ্যাডভোকেট ইব্রাহিম খলিল এতে নেতৃত্ব দেন।
২০০৬ সালের ২৮ অক্টোবরের ঢাকার পল্টনে সংঘটিত সংঘাতের ১৯তম বছরে পদার্পণ উপলক্ষে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশব্যাপি এ কর্মসূচী পালন করে। এই দিনটিকে 'পরিকল্পিত মানবতাবিরোধী গণহত্যা' হিসেবে অভিহিত করা হয়। 'লগি-বৈঠার তাণ্ডব' চালিয়ে মানুষ হত্যাকারী খুনিদের চিহ্নিত করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা এডভোকেট ইব্রাহিম খলিল বলেন, "আজ থেকে ১৮ বছর আগে এই দিনে প্রকাশ্যে দিবালোকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের কর্মীদের ওপর নারকীয় হামলা চালানো হয়েছিল। এটি কেবল রাজনৈতিক সংঘাত ছিল না, বরং ছিল মানবতাবিরোধী গণহত্যা, যার নৃশংসতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।" তিনি অভিযোগ করেন, সরকার এই জঘন্য অপরাধের বিচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে, যা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে।
তিনি আরও বলেন, "জাতি আজ এই বর্বরতার ১৯তম বছরে পদার্পণ করেছে, কিন্তু আমরা এখনও ন্যায়বিচার পাইনি। যারা সেদিন মানুষ হত্যা করে লাশের ওপর উল্লাস করেছিল, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা অবিলম্বে মামলাগুলো পুনরুজ্জীবিত করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।
বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা হাতে হাতে প্লাকার্ড বহন করেন, যাতে নিহতদের স্মরণে শ্রদ্ধা এবং খুনিদের বিচারের দাবি জানানো হয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নায়েবে আমীর মাওলানা হারুনূর রশিদ, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, মোস্তাক আহমেদ, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মামুনুর রশীদ চৌধুরী, শিবিরের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ন্যায়বিচারের পথে তাদের সংগ্রাম চলমান থাকবে এবং দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাবেন।


একটি মন্তব্য পোস্ট করুন