সংবাদ শিরোনাম

'হিন্দুদের ভোটের বাক্স আলাদা থাকবে' বক্তব্যে বিএনপি নেতা বহিষ্কার



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

"আপনারা ধানের শীষে ভোট না দিলে আমরা ধরে ফেলতে পারবো। কারণ আপনাদের জন্য আলাদা বাক্স থাকবে। তাই আপনাদের ভোট আলাদা বাক্স দেয়া হবে।" ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের হরিশকুল গ্রামে নির্বাচনী প্রচারণার ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেন্টু মোল্লার এমন বক্তব্য ভাইরাল হয়। গ্রামটি হিন্দু অধ্যষিত।

জানা যায়, শুক্রবার রাতে ওই বিএনপি নেতার ফেসবুক প্রোফাইল থেকে এ বক্তব্য লাইভ প্রচার হয় সামাজিক মাধ্যমে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এ বক্তব্য ভাইরাল হয়। বিকালে এটি স্থানীয় বিএনপির নেতাদের নজরে আসে। তাৎক্ষণিক তাঁকে দল থেকে বহিষ্কার ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানায়, ঢাকা-১ আসনের নবাবগঞ্জ উপজেলা সদরের পাশে যন্ত্রাইল ইউনিয়নের হরিশকূল গ্রামে একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধনে শুক্রবার রাতে এ বক্তব্য দেন ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা।

তিনি বক্তব্যে বলেন, হিন্দু ভাই-বোনেরা আপনারা ধানের শীষে ভোট দিবেন। কেন্দ্রে আপনাদের জন্য বাক্স আলাদা করা থাকবে। কে ভোট দিলো না, তা বুঝতে পারবো। এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের  ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে নানা রকম নেতিবাচক মন্তব্য ও কমেন্ট করে সাধারণ মানুষ। এঘটনা জানতে পেরে উপজেলা বিএনপি তাঁকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। 

আজ শনিবার বিকেলে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খন্দকার আরশীন মাহমুদ স্বাক্ষরিত দলীয় প্যাডে সেন্টু মোল্লাকে যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ সদস্যপদ থেকে বহিস্কার করা হয়। 

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম বলেন, তার এ বক্তব্যের কারণে দলের সব পদ থেকে তাৎক্ষণিক বহিস্কার করা হয়েছে। উপজেলা বিএনপি ও ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক এ ধরনরে বক্তব্যকে গঠনতন্ত্র পরিপন্থী ও ঘৃণিত বলে মনে করে। 
 
দল থেকে সদ্য বহিষ্কৃত নেতা সেন্টু মোল্লা বলেন, তিনি ভূল করেছেন। অনিচ্ছাকৃত মুখ ফসকে এ বক্তব্য বের হয়েছে। তিনি এ ঘটনার জন্য সাধারণ ভোটার ও হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চান।

Post a Comment

নবীনতর পূর্বতন