সংবাদ শিরোনাম

মোটর সাইকেলে নবাবগঞ্জ থেকে কক্সবাজার ভ্রমন; ফেরার পথে প্রাণ গেল দুই বন্ধুর



নিজস্ব প্রতিবেদক.

১৯টি মোটর সাইকেলে কক্সবাজার ভ্রমনে যায় ৩৮ বন্ধু। গত ১৬ অক্টোবর তারা রওনা করে ২০ অক্টোবর তারা বাড়ি ফিরছিলো। এ দু:সাহসিক ভ্রমনে বাড়ি ফিরেনি সামিউল ইসলাম (২১) ও ইমন ভূঁইয়া (২২) নামের দুই বন্ধু। 

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বন্ধু ইমনকে সিরাজদিখানের বাড়িতে পৌছে দেয়ার সময় ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত সামিউল ইসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ভৈরাহটি গ্রামের প্রবাসী মো. লিয়াকত শেখের একমাত্র ছেলে। নিহত ইমন ভূঁইয়া সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু ভূইয়ার ছেলে।

নিহত সামিউলের দাদা শেখ আব্দুল বারেক জানান, গত ১৬ অক্টোবর মোটরসাইকেলে যোগে বন্ধুদের সাথে কক্সবাজার বেড়াতে যায়। এ বেড়াতে যাওয়ায় পরিবারের সম্মতি ছিল না। বেড়ানো শেষে সোমবার (২০ অক্টোবর) বাড়ি ফিরছিলো। সাথে থাকা বন্ধু ইমনকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলো। ধলেশ্বরী সেতুর উপর এলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে পড়ে যায়। তারা দুজন ঘটনাস্থলেই মারা যায়। 

তিনি আরও জানান, নিহত সামিউল এ বছর সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। 

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান গাড়ির সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। 

এঘটনায় দুই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুটি তাজা প্রাণ হারিয়ে শোকে বিহবল এলাকার মানুষ। স্বজনদের বিলাপে ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস।



Post a Comment

নবীনতর পূর্বতন