সংবাদ শিরোনাম

সিংগাইরে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলো ভ্রাম্যমান আদালত !



মোস্তাক আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে.

মানিকগঞ্জের সিংগাইরে সরকারি খাস জমিতে ব্যক্তি মালিকানায় গড়ে তোলা অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত সিংগাইর উপজেলার ধল্লা পুলিশ বক্স সংলগ্ন জনৈক মোশারফের ভাড়া দেয়া সরকারি খাস জমিতে নির্মাণ করা সেমিপাকা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।


উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ধল্লা মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ২৭০২নং দাগে আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ওই স্থাপনা নির্মাণ করা হয়। স্থাপনা নির্মাণের সময় দখলদারকে মৌখিকভাবে নিষেধ করা হলেও তা শুনেননি তিনি। পরে তাকে ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এদিকে, স্থাপনা নির্মাণকারী অভিযুক্ত মোশারফের বড় ভাই আনোয়ার হোসেন জানান, সিএস, এসএ ও আরএস রেকর্ডমূলে প্রকৃত জমির মালিক আমরা। অথচ বিএস রেকর্ডে খাস করা হয়েছে। রেকর্ড সংশোধনের জন্য আমরা আদালতে মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, অবৈধভাবে যারা খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখা হবে।



Post a Comment

নবীনতর পূর্বতন