সংবাদ শিরোনাম

সিংগাইরে জমজমাট প্রাণিসম্পদ প্রদর্শনী




মোস্তাক আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

"দেশীয় জাত,উন্নত প্রযুক্তি: প্রাণিসম্পদের হবে উন্নতি" এই শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় পাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)–এর সহায়তায় কেক কেটে ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির পশুপালনকারী খামারি মোট ২৬টি স্টল নিয়ে অংশ নেয়। স্টলগুলোতে খামারে উৎপাদিত গরু, ছাগল, মহিষ, কবুতর, হাঁস-মুরগি, দুধ ও ডিম প্রদর্শিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহাগ এবং সঞ্চালনায় ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানিয়া আক্তার। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. সাজেদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “বাড়িতে হাঁস-মুরগি ও গাভী পালন করে পরিবারের পুষ্টির চাহিদা সহজেই পূরণ করা যায়। পাশাপাশি এ খাত বাড়তি আয়েরও পথ খুলে দেয়। দেশি দুধ–ডিম উৎপাদনে ব্যয় বেশি হলেও উপজেলা প্রাণিসম্পদ অফিস সবসময় খামারিদের পাশে থাকবে।” তিনি দেশীয় পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সফল খামারি শিল্পী আক্তার বক্তব্য রাখেন। শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। বক্তারা জানান, দেশে দুধ ও ডিম উৎপাদন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে—২০১০ সালের তুলনায় বর্তমানে উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় চাহিদা পূরণে বড় ভূমিকা রাখছে। করোনাকাল পরবর্তী সময়ে সরকার খামারিদের অতিরিক্ত প্রণোদনাও প্রদান করেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।



Post a Comment

নবীনতর পূর্বতন