নিজস্ব প্রতিবেদক, ঢাকা.
মঞ্চাভিনেতা, নির্দেশক, সঙ্গীতশিল্পী ও লোক নাট্যদলের সংগঠক জাহিদুর রহমান পিপলু–এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৮ নভেম্বর। লোক নাট্যদলের সিনিয়র সদস্য এবং নাট্যাঙ্গনের একজন নিবেদিতপ্রাণ কর্মী পিপলু ২০২৩ সালের ১৮ নভেম্বর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৯ বছর বয়সে পরলোকে পাড়ি জমান।
তাঁর স্মৃতি, ত্যাগ ও সৃষ্টিশীল অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে লোক নাট্যদল আগামী ২২ নভেম্বর শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তাদের নিয়মিত প্রযোজনা 'সোনাই মাধব' এর শো'র পূর্বে (সন্ধে পৌনে সাতটায়) একটি স্মরণসভার আয়োজন করেছে। উল্লেখ্য, সোনাই মাধব পিপলু অভিনীত একটি অসাধারণ নাটক, যে নাটকের অন্যতম প্রাণ ছিলেন তিনি।
উক্ত স্মরণসভায় লোক নাট্যদলের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, মরহুমের বন্ধু-সহচর, বিভিন্ন নাট্যদলের সহযোদ্ধা নাট্যকর্মী, শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জাহিদুর রহমান পিপলু: এক জীবন নিবেদিত মঞ্চকলায়
১৯৬৫ সালে ঢাকায় জন্ম নেওয়া পিপলু ১৯৮৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে লোক নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছিলেন অভিনেতা, নির্দেশক, মঞ্চ পরিকল্পক, সংগীত শিল্পী ও সংগঠক—এক কথায় বহুমাত্রিক প্রতিভার একজন অকৃত্রিম নাট্যকর্মী। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি লোক নাট্যদলের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং নাট্যতথ্য ব্যাংক-এর সচিব ছিলেন। লোক নাট্যদলের নির্বাহী পরিষদেও দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলের প্রায় সব প্রযোজনায় তাঁর অংশগ্রহণ ছিল উজ্জ্বল ও স্মরণীয়।
উল্লেখযোগ্য নাটকগুলো হলো—
সোনাই মাধব, কঞ্জুস, পদ্মা নদীর মাঝি, তপস্বী ও তরঙ্গিনী, রথযাত্রা, হেলেন, বিধি ও ব্যতিক্রম, রয়্যাল বেঙ্গল টাইগার, টাপুর টুপুর, নির্মাণ, নির্মূল, মহাপ্রয়াণ ও বৈকুণ্ঠের খাতা। এসব নাটকে তিনি সহস্রাধিকবার মঞ্চায়নে অংশগ্রহণ করেছেন। তাঁর কস্টিউম ডিজাইন এবং মঞ্চ ব্যবস্থাপনার কাজও ছিল অত্যন্ত প্রশংসিত—বিশেষত পদ্মা নদীর মাঝি নাটকে কস্টিউম ডিজাইনার হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
লোক নাট্যদলের সদস্য হিসেবে তিনি ভারত, নেপাল, হংকং, মোনাকো ও চীনসহ বিভিন্ন আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করেন। তিনি সোনাই মাধব–এর প্রথম মঞ্চ ব্যবস্থাপক ছিলেন।
লোক নাট্যদল বিশ্বাস করে—জাহিদুর রহমান পিপলুর শিল্পসৃষ্টি, অবদান এবং নাট্যান্দোলনের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের নাট্যকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

একটি মন্তব্য পোস্ট করুন