মোস্তাক আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
সিংগাইর ইসলামী ব্যাংক পিএলসি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ব্যাংকের ব্যবস্থাপক মো. রমজান আলী বিষয়টি নিশ্চিত করেন।
মো. রমজান আলী আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ৮ টি কম্পিউটার,২টি প্রিন্টার, ৩টি এসি ও ফার্নিচারসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সদস্য, থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
সিংগাইর ফায়ার সার্ভিস স্টেশন এর ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুইটা ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।
এ ঘটনায় সোমবার (১৭ নভেম্বর) সকালে ইসলামী ব্যাংকের ঢাকা নর্থজোন প্রধান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট শাখার গ্রাহকদের বিচলিত না হয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছেন শাখা ব্যবস্হাপক মো. রমজান আলী।


একটি মন্তব্য পোস্ট করুন