কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা জেলা তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জোড় ইজতেমা। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের মেকাইল এলাকার ইজতেমা মাঠে অনুষ্ঠিত এ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওমর ফারুক।
আখেরি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য, বিশ্ব মানবতার কল্যাণ এবং গুনাহ থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। মোনাজাত চলাকালে ইজতেমা মাঠে উপস্থিত হাজারো মুসল্লি কান্নাজড়িত কণ্ঠে আমিন ধ্বনি দেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ঢাকা জেলা তাবলিগ জামাতের তিন দিনব্যাপী এ জোড় ইজতেমা শুরু হয়। ইজতেমায় ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন। ইজতেমা মাঠজুড়ে ধর্মীয় বয়ান, নসিহত ও দ্বীনি আলোচনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
ইজতেমায় অংশগ্রহণকারীরা জানান, এবারের জোড় ইজতেমায় তাবলিগের দাওয়াতি কাজ বিস্তারে করণীয়, মাসলাক ও মানহাজের দিকনির্দেশনা, দলের সাথীদের সঙ্গে পরামর্শ এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে দ্বীনি দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। দেশ ও বিদেশের শীর্ষ মুরব্বিরা গুরুত্বপূর্ণ নসিহত ও দিকনির্দেশনা প্রদান করেন।
ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ও ব্যবস্থাপনা। মুসল্লিদের জন্য ওযু, সুপেয় পানি, নিরাপত্তা ও খাবার বিতরণসহ বিভিন্ন সেবামূলক ব্যবস্থা রাখা হয়।
ইজতেমা শেষে অংশগ্রহণকারীরা আত্মশুদ্ধি ও দ্বীনি জীবনে নতুন করে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন