সংবাদ শিরোনাম

কেরানীগঞ্জে ফের বোমা বিস্ফোরণ, আহত ১



কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাশের একটি বাড়িতে আবারও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার দুপুরে আগের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ওই বাড়ি পরিষ্কার করার সময় সেখানে থাকা একটি অবিস্ফোরিত বোমা বিস্ফোরিত হয়। এতে রাজু (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আহত রাজুকে উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘আগের বিস্ফোরণের ঘটনায় পাশের একটি বাড়িতে একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় ছিল। সেটি পরিষ্কারের সময় বিস্ফোরিত হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

এর আগে গত ২৬ ডিসেম্বর একই এলাকায় উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে মাদ্রাসার দুটি কক্ষ ধসে পড়ে এবং ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি পাশের একটি ভবন, একটি সিএনজি গ্যারেজ এবং ঘরের আসবাবপত্রেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সেই ঘটনায় মাদ্রাসার পরিচালক আল আমিন, তার স্ত্রী আছিয়া বেগম, তাদের দুই ছেলে এবং পাশের একটি সিএনজি গ্যারেজের শ্রমিক জাকির হোসেন (৪৫) আহত হন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তবে মাদ্রাসার পরিচালক আল আমিন এখনো পলাতক রয়েছেন।

স্থানীয়দের মধ্যে এ নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার পূর্ণ তদন্ত, অবিস্ফোরিত বোমা অপসারণ এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন