কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মিকাইল এলাকার আশা মডেল সোসাইটি মাঠে আগামী শুক্রবার সকাল থেকে তিন দিনব্যাপী ঢাকা বিভাগের ইজতেমা শুরু হতে যাচ্ছে। ইনশাআল্লাহ, এ ইজতেমায় ঢাকা ছাড়াও ঢাকা বিভাগের মোট ১১টি জেলার তাবলিগ জামাত বাংলাদেশ—মাওলানা সাদ অনুসারী সাথীরা অংশগ্রহণ করবেন।
ইতোমধ্যে বিপুল সংখ্যক বিদেশি মেহমান ও শরিকরা ইজতেমা মাঠে উপস্থিত হয়েছেন। ভারতের নিজামুদ্দিন মারকাজের মুরুব্বিরা এ ইজতেমায় বয়ান পেশ করবেন।
প্রায় দুই লক্ষাধিক মুসল্লি এই ইজতেমায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জুমার নামাজে ব্যাপক লোকসমাগম হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
জাতীয় নির্বাচনের কারণে এবার টঙ্গীর বিশ্ব ইজতেমা নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নির্বাচনের পর রমজান এবং পরবর্তীতে বর্ষা মৌসুম থাকায় নিয়মিত সময়সূচিতে বিশ্ব ইজতেমা আয়োজন সম্ভব হয়নি।
প্রতিবছর ডিসেম্বর–জানুয়ারি মাসে দেশের ইজতেমা অনুষ্ঠিত হয়, যেখান থেকে বহু সাথী চার মাসের চিল্লা ও চল্লিশ দিনের জামাতে বের হন। তারা যেন বঞ্চিত না হন, সে জন্য এবার বিভাগীয় পর্যায়ে সংক্ষিপ্ত ইজতেমার উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনশাআল্লাহ, জাতীয় নির্বাচনের পর আবারও নিয়মিত বড় ইজতেমা আয়োজন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন