সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেল ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ১টি মোটরসাইকেলের চালক ও আরোহীর নিহত হয়েছে।
শুক্রবার(২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের শিবপুর রোডের হাসান নগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ঢাকা জেলার আশুলিয়া থানার সন্দ্বীপ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ (১৬) একই এলাকার জাফর মিয়ার ছেলে মিরাজ (২১)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো চ-৫১৮৭৯৮) উপজেলার বায়রা ইউনিয়নের শিবপুর রোডে হাসান নগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একটি মোটরসাইকেলের চালক ও আরোহী মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে দু,জনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ২টি মোটরসাইকেল ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনগত বিষয় প্রক্রিয়াধীন।


একটি মন্তব্য পোস্ট করুন