দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, বেগম খালেদা জিয়া আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। তাঁর এ বিদায় জাতির জন্য অপূরনীয় ক্ষতি।
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টায় ঢাকার দোহার উপজেলার ঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল করা হয়। দোহার উপজেলা ও পৌরসভা বিএনপিসহ অঙ্গ সংগঠন এর আয়োজন করেন।
খন্দকার আবু আশফাক বলেন, এদেশের মানুষের মুক্তির জন্য, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য, মা-বোনদের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়া ছিলেন অটল। স্বামী ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন। বড় ছেলে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর যাবত পরবাসে ছিলেন। তবুও জীবনের শেষ সময়েও তিনি ছিলেন আপোষহীন।
তিনি বলেন, আপোসহীন এ নেত্রী ছিলেন জনগণের নেত্রী। তাঁর জানাজায় সর্বস্তরের, সব ধর্মের মানুষের উপস্থিতি প্রমান করে তিনি ছিলেন জাতির নেত্রী। দোহারবাসীর উদ্দেশ্য বলেন, আজ নির্বাচনী কোন সভা নয়। তবুও আমি বলবো, আমি নির্বাচিত না হলেও আপনাদের সাথে আছি, থাকবো।
দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের এতে সভাপতিত্ব করেন। দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শহীদ আলম খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল কবির পল, কেন্দ্রীয় জাসাসের সাবেক সহ-সভাপতি মো. সালাহউদ্দিন মোল্লা,
ঢাকা জেলা বিএনপির বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু তালেব সিকদার, অ্যাডভোকেট মনির হোসেন রানা, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ওয়াহিদুর রহমান বানী, জেলা যুবদলের সহ-সভাপতি হাসেম বেপারী, সহ-সভাপতি তানভির আহমেদ সানু প্রমুখ।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন