দোহার (ঢাকা) প্রতিনিধি.
দোহার উপজেলার আওলিয়াবাদ এলাকায় একটি বিয়ে বাড়িতে মদ্যপানের চাঁদা নিতে এসে জনতার হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার কুসুমহাটি ইউনিয়নের আওলিয়াবাদ গ্রামের শিশিরের মোড় এলাকায় বিমল চন্দ্র রাজবংশীর কন্যা ও প্রতিবেশী বিরেন চন্দ্রের পুত্র জয় চন্দ্রের শুভ বিবাহ অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠান চলাকালে এলাকার কয়েকজন চিহ্নিত মাদকাসক্ত ও বখাটে যুবক দলবল নিয়ে কনের বাড়িতে হাজির হয়ে চাঁদার দাবি জানায়। পরিস্থিতি শান্ত রাখতে কন্যার পিতা বিমল চন্দ্র রাজবংশী তাদের ১০ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করেন।
এরপর একই চক্র বরপক্ষের প্রতিবেশী বিরেন চন্দ্রের বাড়িতে গিয়ে পুনরায় চাঁদা দাবি করে। একপর্যায়ে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এগিয়ে এলে তর্ক-বিতর্কের একপর্যায়ে চাঁদাবাজদের গণধোলাই দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নেপাল রাজবংশী নামের এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নেপাল রাজবংশীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত মাদকাসক্ত চাঁদাবাজদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন