সংবাদ শিরোনাম

নগরকান্দায় বিএনপির নির্বাচনী জনসভায় হাজারো মানুষের ভীড়



মিজানুর রহমান, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নগরকান্দা উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভায় হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “দেশবাসী পরিবর্তন চায়। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি রাজপথে রয়েছে।

ফরিদপুর-২ আসনের মানুষ এবার ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”


তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে ফরিদপুর-২ আসনকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব আসনে রূপান্তর করা হবে।”

জনসভায় নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভাস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও হাজারো মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় ভরে যায়। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Post a Comment

নবীনতর পূর্বতন