সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে সুরুজ ফকির নামের এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসী গণস্বাক্ষর দিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযুক্ত মাদক ব্যবসায়ী উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী গ্রামের আনোয়ার ফকির ওরফে নিয়াত আলীর ফকিরের পুত্র।
অভিযোগ সূত্রে জানা যায়, ৫ আগস্ট সরকার পতনের পর এলাকায় চেয়ারম্যান মেম্বার না থাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে অভিযুক্ত সুরুজ ফকির। গ্রামবাসী তাকে মাদক ব্যবসা বন্ধ করার বলায় ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংদের নিয়ে এলাকার জনগণকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে। ওই এলাকায় মাদক দ্রব্য সহজলভ্য হওয়ায় ওঠতি বয়সের ছেলেরা পড়াশুনা ও কাজকর্ম বাদ দিয়ে মাদকাসক্ত হয়ে পড়ছে। যার ফলে যুব সমাজ ধ্বংস ও সন্ত্রাসবাদ বৃদ্ধির আশংকা করছেন এলাকাবাসী।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে থানায় গত ৩ সেপ্টেম্বর ২ শতাধিক লোকের গণস্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ প্রায় ১ মাসেও থানা পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় এ নিয়ে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। পাশাপাশি মাদক ব্যবসায়ীর পক্ষ নেয়া কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার আশংকায় রয়েছেন তারা।
অভিযুক্ত সুরুজ ফকির জানান, আগে মাদক ব্যবসা করতাম। মামলাও আছে। এখন আর ও ব্যবসা করি না।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন