সংবাদ শিরোনাম

দোহারে হারুন মাস্টার হত্যার প্রধান আসামি গ্রেপ্তার, ফাঁসির দাবিতে থানা ফটকে বিক্ষোভ

 

দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার দোহারের নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন অর রশিদ মাস্টারের হত্যাকাণ্ড মামলায় প্রধান দুই আসামি শরিফ ও আল আমিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে থানা ফটকের সামনে হত্যাকাণ্ডের আসামিদের পাশাপাশি মূল হোতাদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে নয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে এ বিক্ষোভ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা আসামিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দোহার থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী সঠিকভাবে তদন্ত করে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ সেপ্টেম্বর ভোরে চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এলাকা হতে হারুন অর রশিদ মাস্টার হত্যাকাণ্ডের প্রত্যক্ষ জড়িত আসামী নবাবগঞ্জ উপজেলার সতুন বান্দুরা গ্রামের মো. তায়েব আলীর ছেলে মো. শরীফ (২৬) ও  দোহার উপজেলার  আরিতা গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে আসামী মো. আল আমিন (২২) কে গ্রেপ্তার করেন।

পুলিশ আরও জানায়, ধৃত আসামীরা জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, ধৃত আসামীরা সহ সহযোগীরা মিলে তিন মাস আগেও একবার হারুন মাস্টারকে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়। দীর্ঘ দিনের পরিকল্পনায় খুনিরা ঘটনাস্থল রেকি করে ও সর্বশেষ এই হত্যাকাণ্ড ঘটায়। ধৃত আসামীদেরকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ জুলাই সকালে উপজেলার নয়াবাড়ি বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীর তীরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা হারুন অর রশিদ মাস্টারকে। এ ঘটনায় নিহত হারুন মাস্টারের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে দোহার থানায় ৭ জন এজাহার নামীয়সহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ আরও ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছেন। 

Post a Comment

নবীনতর পূর্বতন