সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ও জমি আত্মসাতের অভিযোগের সংবাদ সম্মেলণ



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ও যন্ত্রাইল মৌজার ১০ শতাংশ জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাবিবুর রহমান শনিবার (২২ অক্টোবর) দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান জানান, তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ উপজেলার জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় ‘হাবিব শাড়ী বিতান’ নামে কাপড়ের দোকান পরিচালনা করে আসছেন। সৎ উপায়ে ব্যবসা করেই পরিবার চালিয়ে আসছিলেন তিনি। তার স্ত্রী সোমা আক্তারও ব্যবসায় সহযোগিতা করতেন। কিন্তু পারিবারিক কিছু ভুল বোঝাবুঝির সময় তিনি পাশের দোকানের মালিক রিপনের (পিতা মৃত আফসার, গ্রাম কাশিমপুর, নবাবগঞ্জ) সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা বলেন।

এই সুযোগে রিপন ও তার স্ত্রী তাসিয়া তানিয়া পরিকল্পিতভাবে তাকে প্রতারণার ফাঁদে ফেলেন। তারা ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে নানা অজুহাতে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়— কখনও ভিসা ফি, কখনও কাগজপত্র তৈরির খরচ, কখনও এজেন্সির নামে।

হাবিবুর রহমান অভিযোগ করেন, রিপনের স্ত্রী তাসিয়া তানিয়া কৌশলে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং গত মার্চ মাসে নবাবগঞ্জের ছাতিয়া ত্রলাকায় সংঘবদ্ধ প্রতারক চক্রের সহযোগিতায় ২০ লাখ টাকা কাবিনে তাকে বিয়ে করতে বাধ্য করেন। পরে বুঝতে পারেন— এটি ছিল একটি পরিকল্পিত প্রতারণার অংশ।

বিয়ের পর রিপন ও তানিয়া কৌশলে তার যন্ত্রাইল মৌজার প্রায় ১০ শতাংশ জমিও নিজেদের নামে লিখে নেন। সব মিলিয়ে তারা টাকা ও জমি আত্মসাৎ করে গা-ঢাকা দেয়।

তিনি বলেন, আমি স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো যোগাযোগ রাখছে না। বরং বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

হাবিবুর রহমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই প্রতারক চক্রের মূল হোতা রিপন ও তার স্ত্রী তাসিয়া তানিয়াকে দ্রুত গ্রেপ্তার এবং আত্মসাৎ করা টাকা ও জমি ফেরতের দাবি জানিয়েছেন।

তিনি আরও বলেন,এই টাকাগুলো ছিল আমার জীবনের সঞ্চয়, সন্তানের ভবিষ্যতের ভরসা ও মায়ের চিকিৎসার টাকা। আজ আমি নিঃস্ব, হতাশ। প্রশাসন ও গণমাধ্যমের কাছে অনুরোধ করছি— সত্য ঘটনাটি তুলে ধরুন, যাতে আমি ন্যায়বিচার পাই।

সংবাদ সম্মেলনে নবাবগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



Post a Comment

নবীনতর পূর্বতন