সংবাদ শিরোনাম

দোহারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দোহার (ঢাকা) প্রতিনিধি.

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দোহার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণ আলোচনা সভা ও জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে ব্যবহারিক মহড়ার কর্মসূচি প্রদর্শন করা হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেককে নিজেদের নিরাপত্তা ও অন্যের সহায়তায় সদা প্রস্তুত থাকতে হবে। স্কুল, কলেজ ও পরিবার পর্যায়ে নিয়মিত মহড়া ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে আমরা দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমাতে পারি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে ব্যবহারিক মহড়া প্রদর্শন করা হয়।



Post a Comment

নবীনতর পূর্বতন