সংবাদ শিরোনাম

কেরানীগঞ্জে গাড়ি চুরি চক্রের ৫ সদস্য গ্রেফতার, ৪টি চোরাই ট্রাক উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) বিশেষ অভিযান চালিয়ে গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে আজ রোববার (১২ অক্টোবর) । এসময় তাদের হেফাজত থেকে চারটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লা বাজার এলাকা থেকে মজিবুর রহমান নামে এক ব্যক্তির ড্রাম ট্রাক চুরি হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১১ অক্টোবর মামলা (নং-২৩) দায়ের করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নি.) মনির হোসেনের একটি চৌকস টিম কেরানীগঞ্জ, সাভার ও যশোরে একাধিক অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. বিল্লাল ওরফে রনি (৩৬), মো. শফিকুল ইসলাম (৫৫), মো/ সজিব শিকদার (২৮), মো. সেলিম (৪৫) ও মো. মাসুদ আলম (৫৫)।

অভিযানে মোট চারটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ট্রাক বাদীর চুরি যাওয়া গাড়ি, যা যশোর থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করেছে, তারা দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও পিকআপ চুরি করে যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করতো।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ও মো. জাহাঙ্গীর আলম এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম, অফিসার ইনচার্জ ঢাকা (দক্ষিণ) এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, গাড়ি চুরি চক্রের মূল হোতাদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন