দোহার (ঢাকা) প্রতিনিধি.
মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিলেন ১১ বছরের শিশু সাকিব। খেলতে খেলতে হঠাৎ পানিতে পড়ে নিভে যায় তার জীবনের আলো! ঘটনাটি ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ডাইয়া গজারিয়া গ্রামে। পানিতে ডুবে সাকিব (১১)’এর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে চারপাশের পরিবেশ।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ডাইয়া গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাকিব যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিলো। শুক্রবার দুপুরে বাড়ীর পাশে খালের ধারে খেলছিলেন সাকিব। খেলতে খেলতে পায়ে কাদা লেগে হঠাৎ পা পিছলে পড়ে যায় খালের পানিতে। পানির প্রবল স্রোতে ভেসে যায় সাকিব।
প্রায় দুই ঘণ্টা স্থানীয়রা খোঁজাখুঁজি করে অবশেষে তাকে খালের পানির নিচ থেকে উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত বলে ঘোষণা করেন।
ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন মা ময়না আক্তার। তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, ছেলেটাকে নিয়ে এসেছিলাম বাবার বাড়ির জমি দেখাতে। খেলতে গিয়েই আমার সাকিব পানিতে পড়ে গেল। আমি কিভাবে বাঁচব? আমি অর বাবাকে কি জবাব দেব?

একটি মন্তব্য পোস্ট করুন