সংবাদ শিরোনাম

ষড়যন্ত্রকে মোকাবেলা করেই ধানের শীষে ভোট চাইতে হবে; খন্দকার আবু আশফাক


দোহার (ঢাকা) প্রতিনিধি.

ঢাকা জেলা বিএনপির সভাপতি ও ঢাকা-১ আসনে বিএনপির সম্ভব্য প্রার্থী খন্দকার আবু আশফাক নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সারাদেশে এখনো বিএনপির নামে ষড়যন্ত্র হচ্ছে। তবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই ধানের শীষে ভোট চাইতে হবে। মা বোনদের দাড়ে দাড়ে গিয়ে ভোট নিশ্চিত করতে হবে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) দিনব্যাপী দোহার উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশফাক বলেন, ধর্মকে ব্যবহার করে কোনো অপশক্তিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আপনাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে। ধর্মকে ব্যবহার করে যেন কোনো অপশক্তি বাংলাদেশের ক্ষমতায় আসতে না পারে।   

বিএনপির এই নেতা বলেন, এবারের নির্বাচন এতো সহজ হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির সকল নেতাকর্মীদের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে এলাকায় কাজ করতে বলেছেন। তাই আর ঘরে বসে না থেকে যার যার এলাকায় ধানের শীষের ভোট নিশ্চিতে এখন থেকেই কাজ করতে করতে হবে।

সাবেক এই উপজেলা চেয়ারম্যান বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসলে এই দেশটাকে তালেবান বানিয়ে ফেলবে। তারা পাকিস্তানি হয়ে কাজ করবে। ইতোমধ্যে আমরা জানতে পেরেছি  এই অপশক্তিরা আমাদের উপজেলার অনেক মাদ্রাসায় অবস্থান করছে।

দিনব্যাপী উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলার বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি আবুল হাসেম বেপারী, ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন