সংবাদ শিরোনাম

সিংগাইরে বাকপ্রতিবন্ধী তরুণী অন্তসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার



মোস্তাক আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে ১৫ বছরের এক বাক প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত নাইস আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নাইস আলী (৩৬) একই ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের নবু মিয়ার ছেলে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম। তিনি আরো বলেন, ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার সকালে ভিকটিমের বাবা নাইস আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের আগেই থানা পুলিশ বিষয়টি অবগত হলে নাইস আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে প্রকাশ, ভিকটিমের বসতবাড়ির পাশে অভিযুক্ত নাইস আলী আখ ক্ষেত ক্রয় করে। সেই সুবাদে তার যাতায়াত ছিল। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বাক প্রতিবন্ধী তরুণীকে আখ দেয়ার কথা বলে ফুসলিয়ে আখ ক্ষেতের পাশে বাঁশ ঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য নাইস আলী ভিকটিমকে ভয় দেখায়।

এদিকে, ওই তরুণীর বমি হওয়ার পাশাপাশি শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করা হলে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়। অভিযুক্ত নাইস আলী গত ২১ নভেম্বর দুপুরের দিকে ভিকটিমের বাড়িতে টিউবওলের পানি খেতে গেলে ভুক্তভোগী তরুণী ইশারা ইঙ্গিতে ঘটনার জন্য তাকে শনাক্ত করে। পরে অভিযুক্ত নাইস আলী স্থানীয় দু'ব্যক্তির মাধ্যমে গর্ভের সন্তান নষ্ট করার জন্য দশ হাজার টাকার প্রস্তাব দিয়ে বিষয়টি চুপ থাকার ভয় দেখায় বলে মামলার বাদী এজাহারে উল্লেখ করেন।



Post a Comment

নবীনতর পূর্বতন