নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি সোমবার (রোববার দিবাগত গভীর রাত) রাত দুইটার দিকে, উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর গ্রামের চৌরাস্তা মোড়ে ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে চুরি করতে এসেছে, এমন সন্দেহে পাঁচজনকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। এর মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও, বাকি চারজনকে গণপিটুনি দেন স্থানীয়রা।
এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শাহিন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত শাহীন নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাঁ গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
আহত তিনজন হলেন, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরাঙ্গাল গ্রামের জাকির মাতুব্বরের ছেলে পারভেজ (২১), ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন (২৫), রামনগর ইউনিয়নের গজগাঁ গ্রামের পিরা সরদারের ছেলে ইনামুল সরদার (২৬)।
এ বিষয়ে নগরকান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, “চোর সন্দেহে গণপিটুনিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন নামে একজন মারা গেছেন। তবে এখনো কোনো মামলা হয়নি, আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।"

একটি মন্তব্য পোস্ট করুন