সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
জমি সংক্রান্ত বিরোধের জেরেই মানিকগঞ্জের সিংগাইরে কুপিয়ে হত্যা করা হয় শারপিন মোল্লা (৬২) নামের বৃদ্ধকে।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে কুরবান আলীর বাড়ির সামনে প্রতিপক্ষের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
নিহত,শারপিন মোল্লা উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মোল্লাপাড়া মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে।
এ বিষয়ে শারপিন মোল্লার ছেলে মোশারফ হোসেন জানান, আমাদের সঙ্গে সম্প্রতি জমির সীমানা নিয়ে প্রতিবেশী রাজ্জাক মুন্সির ছেলে ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি মো. রউফুল মুন্সি ও তার পরিবারের বিরোধ তৈরি হয়। এ নিয়ে বাবা ও আমাকে মারধর-হত্যার হুমকি দেয় রউফুল মুন্সি ও তার ভাই নজরুল ইসলাম বাবু। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত আনুমানিক ৮ টার দিকে আমার বাবা শারপিন মোল্লা স্থানীয় চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। ফোর্ডনগর দক্ষিণ মোল্লাপাড়া কুরবান আলীর বাড়ির সামনে পৌঁছালে তার উপর হামলা চালায় রউফুল মুন্সি ও তার ভাই নজরুল ইসলাম বাবু গংরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় তারা। এমতাবস্থায় বাবার ডাক-চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন এসে রাস্তার পাশ থেকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শারপিন মোল্লার পরিবারে চলছে শোকের মাতম। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম এ ব্যাপারে বলেন, হত্যার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেই সাথে আমিও গিয়েছিলাম। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


একটি মন্তব্য পোস্ট করুন