নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে এলোপাতাড়ি মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাইয়ুম মাতুব্বর কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাইচাইল গ্রামের আজগার মিয়া গংরা সেখানে এসে হঠাৎ উচ্চস্বরে ‘জয়বাংলা’ স্লোগান দিতে থাকে। কাইয়ুম মাতুব্বর তাদের নিষেধ করলে বেধড়ক মারপিট চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
আহত কাইয়ুম মাতুব্বর বলেন, “আমি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ আজগার ও তার সহযোগীরা এসে স্লোগান দেয়। আমি মানা করলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।”
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন