নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
৬৫ বছর বয়সী ফুলজান বেগম। ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদি গ্রামে আপন ছেলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ৬৫ বছর বয়সী ফুলজান বেগম। আহত ফুলজান বেগম ওই এলাকার মৃত তুতা শেখের স্ত্রী।
জমিজমা ও স্বামীর রেখে যাওয়া বাড়ির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই ছেলে রবিন শেখ ওরফে হুমায়ুনের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেন তিনি।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের অস্থায়ী গাড়ি চালক হুমায়ুন তাকে বেদম মারধর করেন বলে অভিযোগ করেন ফুলজান বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর ছেলের কঠোর শাস্তির দাবিতে তিনি নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর স্থানীয় প্রেসক্লাবে এসে কান্নাজড়িত কণ্ঠে নির্যাতনের বিস্তারিত বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
দুই ছেলে ও তিন মেয়ের জননী ফুলজান বেগমের মেয়েরা অভিযোগ করে বলেন, মা সারাজীবন আমাদের কষ্ট করে মানুষ করেছেন। আর আজ বয়সের ভারে ন্যুব্জ অবস্থায় তার ওপর এমন অমানবিক নির্যাতন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হুমায়ুন নিয়মিত মাকে ভয়-ভীতি দেখায়, মানসিক নির্যাতন তো আছেই; আজ আবার শারীরিক আঘাত করেছে। আমরা চাই দ্রুত প্রশাসনের ব্যবস্থা, নয়তো মা আরও হামলার শিকার হতে পারেন।”
অভিযুক্ত হুমায়ুন শেখ মারধরের অভিযোগ অস্বীকার করলেও ঘর ভাঙচুরের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “মা আমার ঘরের দুটি রুম দখল করে থাকতেন। রাগের মাথায় ঘর ভেঙেছি, কিন্তু মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি আমিরুল ইসলাম জানান, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন