নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুরের নগরকান্দায় প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রায় দুই শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। ব্যানার–ফেস্টুন নিয়ে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা ফরুক হোসেন, রফিকুল ইসলাম টুটুল ও কামরুজ্জামান মোল্লা। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকরা অবহেলিত। জীবিকার নিশ্চয়তা, পদোন্নতি এবং বেতন কাঠামো উন্নয়নসহ তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশের শিক্ষার মানোন্নয়নে সহকারী শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারপরও তারা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।
শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

একটি মন্তব্য পোস্ট করুন