সংবাদ শিরোনাম

এবারের নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির জয় হয়েছে; খন্দকার আবু আশফাক



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেছেন, এবারের নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির জয় হয়েছে। পরাজয় হয়েছে স্বাধীনতা বিরোধীদের। সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করেছে। সেই স্বীকৃতি প্রধানমন্ত্রী দিয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা পোদ্দার বাজার নাট মন্দিরে দোহার-নবাবগঞ্জ উপজেলার হিন্দুদের আয়োজনে ঢাকা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাককে গণসংবর্ধনা শেষে তিনি উপস্থিত সনাতনীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। 

আশফাক বলেন, নির্বাচনের পরে দোহার-নবাবগঞ্জের সনাতনীদের মুখে আমি হাসি দেখেছি। যা অন্য কোন নির্বাচনের পর দেখা যায়নি। আপনাদের অভয় দিচ্ছি, আপনাদের এ হাসি কেউ মলিন করতে পারবে না। বাড়ি-ঘর, জমি, মন্দির, শশ্মান কেউ দখল করতে পারবে না। আমি আপনাদের পাশে আছি।

অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত হয়ে সংসদ সদস্যের কাছে তাদের দাবী তুলে ধরেন। এসময় এমপি ফুল দিয়ে সনাতনীদের বরণ করে নেন। পরে সনাতনীরা তাকে ফুল দিয়ে  গণসংবর্ধনা প্রদান করেন। 

ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

নবাবগঞ্জ উপজেলা সনাতনী সংস্থার সভাপতি প্রদীপ কুমার সাহা অনুষ্ঠান সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কলাকোপা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুলাল মোদক, সনাতনী সংগঠক নরেশ চন্দ্র হালদার, শ্যামল চৌধুরী, সমরেন্দ্র নাথ গোস্বামী, 

নবাবগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি উত্তম কুমার রায়, নির্মল পাল পরানী, দোহার উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক চন্দন মোদক, দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের রিপন চন্দ্র রাজবংশী, নবাবগঞ্জের যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় মোদক দীপ্ত প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন