সংবাদ শিরোনাম

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে ভয়াবহ আগ্নিকাণ্ড



কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার কেরানীগঞ্জের আগানগরে জাবালে নূর সুপার মার্কেট সংলগ্ন ১২তলা বিশিষ্ট জমেলা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে লাগা এ আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের ১৪টি ইউনিট একযোগে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে ভবনটির আন্ডারগ্রাউন্ডে থাকা ঝুট কাপড়ের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভবনের প্রথম ও দ্বিতীয় তলার মার্কেট অংশে। ভবনটির নিচের দুই তলা বাণিজ্যিক এবং ওপরের তলাগুলোতে আবাসিক ফ্ল্যাট রয়েছে।

আগুনের খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট, লালবাগ, মিরপুর, সদরঘাট নদী ও সিদ্দিক বাজার হেডকোয়ার্টার ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় ভবনের ওপরের ফ্ল্যাটগুলো থেকে ৪২ জনকে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ, আনসার ও উপজেলা প্রশাসনের সদস্যরা নিরাপত্তা ও উদ্ধার তৎপরতায় সহায়তা করছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগুন লাগার পরপরই একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তবে ঝুট কাপড়ের গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।

সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এ পর্যন্ত ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের অপারেশন ও রক্ষণাবেক্ষণ বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ভবনটি আবাসিক ও বাণিজ্যিক মিশ্র ভবন। দোতলায় এখনো আগুনের কিছু ফুলকি রয়েছে এবং অন্যান্য তলায় ধোঁয়া দেখা যাচ্ছে। ঝুট গোডাউন থাকায় আগুন নেভাতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে। 

তিনি আরও জানান, আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবনের ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্ব পাওয়া যায়নি। আগুনের কারণ তদন্ত শেষে জানা যাবে।

Post a Comment

নবীনতর পূর্বতন