মোস্তাক আহমেদ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি.
মানিকগঞ্জের সিংগাইরে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর ধল্লা ইউনিয়নের শায়েখ আহমদ শফি (রহ.) মাদ্রাসা প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. শাহাকুল ইসলাম সবুজ, ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ সম্পাদক মো. আব্দুল আল মামুন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম. আহমাদ উল্লাহসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি মানবিক সহায়তামূলক কার্যক্রম আরও বিস্তারের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
দোয়া পরিচালনা করেন জায়গীর দরবার শরীফের পীর সাহেব মাওলানা দ্বীন মোহাম্মদ। দোয়া শেষে মাদ্রাসার শিক্ষার্থী, হতদরিদ্র ও স্থানীয় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন