সংবাদ শিরোনাম

নবাবগঞ্জে আর্মি ক্যাম্পের টহলকালে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার



নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখানো হয়। 

নবাবগঞ্জ আর্মি ক্যাম্প সূত্রে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পুরাতন বান্দুরা এলাকায় রাত্রিকালীন টহলের সময় একটি স্থানীয় রেস্তোরাঁর পাশে কয়েকজনের সন্দেহজনক চলাচল নজরে আসে। টহল দলকে দেখে তারা পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

এ সময় তল্লাশিতে আটককৃতদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ২০ গ্রাম গাঁজা, দুইটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।

আটককালে দেওয়া তথ্যের ভিত্তিতে সেনা টহল দল নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় অপর এক মাদক ব্যবসায়ীকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে নগদ ৩৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি স্বীকার করেন, আগের দিন প্রায় ১০০ পিস ইয়াবা বিক্রি করে ওই টাকা সংগ্রহ করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা গ্রামের ফরিদ হোসেনের ছেলে এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে সোহাগ বিশ্বাস (২৪) এবং নয়নশ্রী ইউনিয়নের নয়নশ্রী গ্রামের আব্দুল বারেকের ছেলে মহসিন মল্লিক (৩৬)।

নবাবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন