নিজস্ব প্রতিবেদক.
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষার মানদণ্ডকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকে কসাইখানা বানানো হয়েছিল। শিক্ষার নামে তাদের সন্ত্রাসী বানানোর প্রশিক্ষণ দেয়া হতো। ফ্যাসিস্টদের পতনের মধ্যে দিয়ে আমরা কলঙ্ক মুক্ত হয়েছি।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বলেন, আগামী বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মঞ্চে অতিথি আসনে বসানো হবে। কেন না, হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে তোমরাই সেরা। তোমাদের অনেক দূর যেতে হবে।
বিএনপির এ নেতা বলেন, তোমাদের শিক্ষকরাও একদিন লেখাপড়া করেছেন। শিক্ষকরা মানুষ গড়ার কারিগড়। মেধা যোগ্যতার পরীক্ষা দিয়ে শিক্ষকরা এ আসনে অধিষ্ঠিত হয়েছেন। তার জন্য তাদের কঠিন অধ্যবস্যায় করতে হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষায় নবাবগঞ্জ পিছিয়ে আছে। আমরা শিক্ষাকে এগিয়ে নিতে চাই। কোন শিক্ষার্থীর অর্থের অভাবে যেন লেখাপড়া বন্ধ না হয়। আমি গোপনে তাদের সহায়তা করতে চাই।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী (এপিলেট ডিভিশন) মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শাহ্ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান, কৃতি শিক্ষার্থী মালিহা মেহেজাবিন দ্রুবা, আব্দুল আহাদ প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন