সংবাদ শিরোনাম

স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বয়কট করুন; খন্দকার আবু আশফাক

নিজস্ব প্রতিবেদক.

স্বাধীনতা বিরোধী অপশক্তিকে বয়কট করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলা যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল মনিপাড়া নাট মন্দিরে  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে এ আহ্বান জানান।

খন্দকার আবু আশফাক বলেন, স্বাধীনতা বিরোধীরা মাথা চারা দিয়ে উঠতে চায়। স্বাধীনতা যুদ্ধের সময় তারা যেমন আমাদের মা-বোনদের পাকিস্তানী সেনাদের হাতে ‍তুলে দিয়েছেন। তেমনি তারা ক্ষমতায় গেলে দেশে আবার নির্যাতন নিপিরণ চালাবে। তাদের মিষ্টি কথার বিশ্বাসের ফাঁদে পড়বেন না। 

বিএনপি নেতা বলেন, নির্বাচন আসলে আপনাদের কাছে অনেকেই বসন্তের কোকিল হয়ে আসবে।  নির্বাচন চলে গেলে তাদের খোঁজেও পাবেন না। তাই বসন্তের কোকিলরা যেনো ক্ষমতায় আসতে না পারে।

আবু আশফাক বলেন,  অনেকেরই ধারণা হিন্দু সম্প্রদায় ধানের শীষে ভোট দেন না। এটা সত্য নয়। আমার হিন্দু ভাই-বোনরা অবশ্যই ধানের শীষে ভোট দেয় এটা আমি বিশ্বাস করি। কারণ আমি এই হিন্দু  ভাই-বোনদের ভোটেই দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

আবু আশফাক বলেন, আসন্ন দুর্গাপূজায় দোহার-নবাবগঞ্জে বিএনপির প্রতিটি কর্মী হিন্দু ভাই বোনদের নিরাপত্তার জন্য কাজ করবে। তারা আইনশৃঙ্খলা বাহীনীকে সর্বাত্মক সহায়তা করবে। তবে তারা মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না। তাদের অবস্থান হবে মন্দিরের বাহিরে।

তিনি আরও বলেন, আপনারা হতাশ হবেন না। শুধু দুর্গাপূজা আর সংসদ নির্বাচন এসেছে বলে আপনাদের কাছে এসেছি তা কিন্তু নয়। বিগত সময়ে যেভাবে পাশে ছিলাম আগামীতেও আপনাদের পাশে থাকবো। আমি নির্বাচিত না হলেও আপনাদের সাথে আছি।

গত ৫দিনে তিনি  উপজেলার ১৯৮টি পূজা মন্ডপের পূজারীসহ এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। এছাড়াও তিনি ব্যক্তিগত আর্থিক অনুদান প্রদান করেন।  

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজপতি নিমাই চাঁদ বিশ্বাস। উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. সেন্টু মোল্লার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, দপ্তর সম্পাদক খন্দকার আরশিন মাহমুদ, যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস বেপার প্রমুখ।

একই দিন দুপুরে যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা নাট মন্দিরে ও সন্ধ্যায় যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেন এ বিএনপি নেতা।

Post a Comment

নবীনতর পূর্বতন