নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি.
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোটপাটকান্দি গ্রামে কয়েলের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবার নুর ইসলাম ও নুরুজ্জামানের বাড়িতে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
গত ১৩ নভেম্বর রাতে ঘরের ভেতরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয় এবং পাশে থাকা তিনটি বসতঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। আগুনে পরিবারের সমস্ত আসবাবপত্র, কাপড়-চোপড়, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ মূল্যবান সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তারা।
পরিদর্শনকালে ইউএনও দবির উদ্দিন ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে বলেন,“এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাসম্ভব সরকারি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও তাঁদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।”এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ১০ হাজার টাকার দুটি চেক, ৪ বান্ডিল টিন, চাল,কম্বল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস হাতে তুলে দেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে ঘরে কয়েল ব্যবহারে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহবুব আলী মিয়া, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, কোদালিয়া শহিদ নগর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান রাজু মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


একটি মন্তব্য পোস্ট করুন