সংবাদ শিরোনাম

সিরাজদিখানে পূর্ব শত্রুতায় নারীকে পিটিয়ে জখম ও লুটপাটের অভিযোগ



সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক নারীকে হত্যার উদ্দেশ্যে মারধর ও স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত নাজমা বেগমের স্বামী প্রবাসী মো. সালাম বাদী হয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিযনের চর নিমতলা এলাকায় অভিযুক্ত মোহাম্মদ সামেদ মো. হাসমত, সাত্তার, মনোয়ারা বেগম, সাবিনা বেগমসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাদীর স্ত্রী নাজমা বেগমকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

অভিযোগে বলা হয়, মারধরের একপর্যায়ে নাজমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। একই সঙ্গে তার গলায় ও আলমারিতে থাকা চার ভরি ওজনের স্বর্নের চেইন এবং ঘরের আলমারিতে সংরক্ষিত নগদ পাঁচ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় অভিযুক্তরা। যাওয়ার সময় তারা ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকিও প্রদান করে।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত নাজমা বেগমকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে রবিবার সন্ধ্যায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে তাদের কথা শুনার জন্য অভিযুক্ত মোহাম্মদ সামেদ, মো. হাসমত, সাত্তার সবার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে সিরাজদিখান থানা অফিসার্স ইনচার্জ মো. আব্দুল হান্নান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন