কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকা-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচনী গণসংযোগকালে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্ট্যান্ড এলাকায় মাগরিবের নামাজের পর গণসংযোগ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা-৩ আসনের ১০ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, গণসংযোগ চলাকালে পেছন থেকে একদল বিএনপির নেতাকর্মী অতর্কিতভাবে হামলা চালায়। এতে ১০ দলীয় জোটের শরিক দল এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে আরও দুইজন হামলার শিকার হন।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা সামিউল্লার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহপুর করেরগাঁও জামায়াতের নির্বাচনী ক্যাম্পে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হানিফসহ স্থানীয় ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সন্ধ্যায় জামাতের মিছিলের অতর্কিত হামলার অভিযোগের প্রতিক্রিয়ায়
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় জানান, বিএনপি হামলা সংঘাতে বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রচার প্রচারণা করছি। আব্দুল্লাহপুরে বিএনপি'র শান্তিপূর্ণ কর্মকাণ্ডে কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বা নির্বাচন বানচালের চেষ্টা করে সেটা তাদের বিষয়।
তিনি আরো বলেন, আব্দুল্লাহপুরের ঘটনার বিষয়ে তিনি খবর নিয়েছেন, সেখানে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই গণসংযোগ চলছিল। কে বা কাহারা হামলা করেছে তা বিএনপির উপরে দায় দেওয়া উচিত হবে না। আজকে সারাদিন জামায়াত বিভিন্ন পাড়া মহল্লায় নির্বিঘ্নে গণসংযোগ করেছে। সেখানে বিএনপির কেউ হামলা করেনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথেই আমরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি বর্তমানে। বর্তমানে ওই স্থানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন