সংবাদ শিরোনাম

খাল খনন কর্মসূচিকে স্বাগত জানালো নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক.

দেশের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রীর খাল পুনঃখননের কর্মসূচি গ্রহণ করায় সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে নবাবগঞ্জ রোইং ক্লাব ও নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি। খাল খননের পাশাপাশি দেশের বিভিন্ন নদীও খননের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন দুটি।

সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে কমিটির নেতৃবৃন্দ বলেন, খাল ও নদী বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। এসব জলপথ পুনরুদ্ধার হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং ঐতিহ্যবাহী নৌকা বাইচের মতো সাংস্কৃতিক আয়োজন আরও বিস্তৃত হবে।

বিবৃতিতে বলা হয়, খাল খননের মাধ্যমে জলপথ পুনরুজ্জীবিত হলে স্থানীয় মানুষের জীবনযাত্রা সহজ হবে এবং হারিয়ে যেতে বসা নৌকা বাইচের ঐতিহ্য নতুন করে প্রাণ ফিরে পাবে।

কমিটির সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বলেন, খাল ও নদী আমাদের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অনেক খাল ভরাট ও দখলের কারণে নৌ চলাচল এবং নৌকা বাইচ আয়োজন কঠিন হয়ে পড়েছে। সরকারের খাল খনন কর্মসূচি বাস্তবায়িত হলে এসব জলপথ আবারও সচল হবে এবং নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী আয়োজনে নতুন করে গতি পাবে। ফসলের মাঠের উর্বরতাও বাড়বে।

তিনি বলেন, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগীতা নয়, এটি গ্রামীণ মানুষের আনন্দ ও ঐতিহ্যের প্রতীক। তাই খাল খননের পাশাপাশি দেশের নদীগুলোও নিয়মিত খননের উদ্যোগ নেওয়া জরুরি। এতে দেশের ঐতিহ্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Post a Comment

নবীনতর পূর্বতন