সংবাদ শিরোনাম

সিরাজদিখানে পুলিশের ওপর হামলার চেষ্টা: সমন্বয়ক পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮



সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি.

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় পুলিশ মাদকবিরোধী অভিযানে গিয়ে থানা পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এক ব্যক্তিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এরা হলেন- পূর্ব রাজদিয়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে সাবেক সমন্বয়ক ইয়ামিন শেখ ও একই গ্রামের মো. বাদশা শেখের ছেলে মো. হোসেন শেখ। এ ছাড়া পৃথক মামলায় আরও ছয়জনকে আটক করে মোট আটজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার পূর্ব রাজদিয়া এলাকায় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় সিরাজদিখান থানা পুলিশ। এ সময় ইয়ামিন শেখ (২৭) নামের এক ব্যক্তি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশের কাজে বাধা প্রদান ও জনসমাগম ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ ঘটনায় ইয়ামিন শেখ, হোসেন শেখ (২৭) ও সোহেল বেপারী (২১)কে আটক করা হয়।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আসামি ধরতে গেলে কিছু ব্যক্তি পুলিশের ওপর চড়াও হয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দুইজনকে আটক করা হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া এলাকা থেকে সোহেল বেপারীকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া নিমতলা এলাকায় তালুকদার ফিলিং স্টেশনে সংঘটিত চুরির ঘটনায় জড়িত জাহিদ হাসান (৩৮) ও তুষার (২৮)কে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ আরও জানায়, বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলায় মোট আটজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে মঙ্গলবার দুপুরে সিরাজদিখান থানা থেকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Post a Comment

নবীনতর পূর্বতন