নিজস্ব প্রতিবেদক.
দীর্ঘদিনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা-১ আসনের বিএনপি কাণ্ডারী খন্দকার আবু আশফাক ও বিএনপি প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান তনয়া ব্যারিস্টার মেহনাজ মান্নান।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রয়াত মন্ত্রী আব্দুল মান্নানের বাসভবনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে ঐক্যের ঘোষণা দেয়া হয়। মান্নান নিলুফার ফাউন্ডেশন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এই আয়োজনের মাধ্যমে ব্যারিস্টার মেহনাজ মান্নান ও খন্দকার আবু আশফাকের নেতৃত্বাধীন বিএনপির দুই গ্রুপের দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটে। একই সঙ্গে তাঁরা ধানের শীষের পক্ষে বিএনপির মনোনীত প্রার্থীর হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, গত ১৭ বছর ধরে আমরা নির্যাতনের শিকার হয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জীবনের অধিকাংশ সময় এ দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন। অসংখ্য নির্যাতন ও প্রতিকূলতার মুখেও তিনি এ দেশ ও জনগণকে ছেড়ে যাননি। আজ তিনি অসুস্থ। মহান আল্লাহর কাছে আমাদের একটাই কামনা- তিনি যেন দ্রুত আমাদের নেত্রীকে সুস্থতা দান করেন।
সভাপতির বক্তব্যে ব্যারিস্টার মেহনাজ মান্নান বলেন, এখানে আমরা যারা আছি সবাই বিএনপির রাজনীতি করি। আমরা কেউ বিএনপি বাইরে যেতে পারি না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিয়েছেন আমরা তার হয়ে কাজ করবো। আজ থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে বিএনপি জন্য কাজ করবো অর্থ্যাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে খন্দকার আবু আশফাকের জন্য কাজ করবো।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবেদ হোসেন, কেন্দ্রীয় যুবদলের সদস্য মিজানুর রহমান রাজ, বিএনপি নেতা- শাহিন মাহমুদ, আব্দুর রশিদ, অ্যাড মনির হোসেন রানা, হাবিবুর রহমান পান্নু, তপন মোল্লা, আব্দুল আওয়াল আকন্দ, মিজানুর রহমান, মহসিন উদ্দিন খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা রফিকুল ইসলাম রফিক, যুবদল নেতা এসএম ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন