কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় রোববার বিকেলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত প্রায় দুই শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেছেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা–৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন তেঘরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. হানিফ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের সূরা সদস্য অ্যাডভোকেট মীর আতাউর রহমান, বসুন্ধরা থানা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মণ্ডল এবং কেরানীগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের আমির মো. ইলিয়াস হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম বলেন, “দেশে বর্তমানে নির্বাচনের আবহ বিরাজ করছে। বিভিন্ন দল থেকে দলে দলে মানুষের জামায়াতে ইসলামে যোগদান মহান আল্লাহর বিশেষ দয়া। আমরা ন্যায় ও আদর্শের রাজনীতি করি। চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজির রাজনীতিতে জামায়াতে ইসলামের কোনো স্থান নেই।”
তিনি আরও বলেন, “দেশের মানুষ এখন বুঝতে পেরেছে শাসনব্যবস্থার পরিবর্তন জরুরি। বিগত সরকারগুলো দেশকে শোষণ করেছে। আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামকে বিজয়ী করে দেশে শান্তি ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করতে হবে।”
তিনি কেরানীগঞ্জের আগানগর ও তেঘরিয়া এলাকার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলাম হানাহানি ও মারামারিতে বিশ্বাস করে না। যারা সন্ত্রাস করে নির্বাচনকে কলঙ্কিত করছে, জনগণ তাদের ভোটের মাধ্যমেই জবাব দেবে।”
অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীরা জামায়াতে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনে যোগদানের প্রত্যয় ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন